
রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নূরে আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এপিবিএন পুলিশ সদরদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরে আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার ইরফান মোল্লার ছেলে। তিনি একটি সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং উত্তরায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নূরে আলমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৩টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, কাজ শেষে বাসায় ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তার মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের খবর দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
