×

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, ছিল না কোনো যাত্রী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে আসা এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় সেটি ফেরির রেলিং ভেঙে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। তবে বাসের চালক ও হেলপার নদীতে পড়ে গেলেও তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহন চলাচলে পর্যাপ্ত শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়রা ঘাট এলাকায় নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)