
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শ্রীপুর মডেল থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ছড়ানো অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয়দের মতে, শ্রীপুর এলাকায় মাদক, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ দমনে শ্রীপুর মডেল থানা দীর্ঘদিন ধরে কঠোর ভূমিকা পালন করে আসছে। নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের ফলে একটি স্বার্থান্বেষী মহল পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এলাকা সূত্রে জানা যায়, এসআই আঃ কুদ্দুস, এসআই অরুপ কুমার ও এএসআই কামরুজ্জামান দায়িত্বশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করা হয়।
এছাড়া অভিযোগে উল্লেখিত ঘটনার সময় এসআই আঃ কুদ্দুস ও এএসআই কামরুজ্জামান সরকারি ছুটিতে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে অভিযোগগুলো আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সচেতন নাগরিকরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের চলমান অভিযানকে বিতর্কিত করতেই একটি পক্ষ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। শ্রীপুর থানা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছে বলে তারা উল্লেখ করেন।
স্থানীয়রা আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
