
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “শৈলকুপার এই অঞ্চলে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আপনাদের প্রতি আহ্বান, আপনারা সচেতন থাকুন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনাদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।”
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।
এছাড়া কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরাও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন।
