
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার দুপুরে হ্নীলা স্লুইচগেট পোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার গোপাল দাসের ছেলে জয়গর দাস এবং একই উপজেলার ফুলের ডেইল এলাকার মো. শফির ছেলে মো. হোসেন।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
পরে হ্নীলা বিওপি থেকে আনুমানিক এক কিলোমিটার দক্ষিণে, বিআরএম-১২ থেকে প্রায় ২০০ গজ উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে স্লুইচগেট পোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জয়গর দাস ও মো. হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
