×

শ্রীপুরে পুলিশের অভিযানে ১৮৫ লিটার চোলাই মদ উদ্ধার, নারী মাদক কারবারি আটক

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় দক্ষিণ বাজার এলাকার একটি বসতঘরের উত্তর পাশের কক্ষ থেকে শেমলী রবিদাস (৩০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার সুমন রবিদাসের স্ত্রী।

এসময় তার হেফাজত থেকে ১৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা। এছাড়া অবৈধ মাদক বিক্রির নগদ ১ হাজার ৯৪০ টাকাও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(গ) ধারায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৭৪, তারিখ ২২/০৫/২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে শ্রীপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)