×

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

আজ ৩০ মে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি।

দিবসটি উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।

শনিবার ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে। একই সঙ্গে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানা এবং দেশের সব ইউনিটে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।

আগামী ৩১ মে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।

স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। দেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, কৃষি উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে তার ভূমিকা রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)