
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য নেতা, যিনি সততা, দেশপ্রেম, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
শনিবার নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, সামরিক জীবন থেকেই জিয়াউর রহমান অসাধারণ নেতৃত্বগুণ ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে একজন তরুণ সেনা কর্মকর্তা হিসেবে তার বীরত্ব ও রণকৌশল বিশেষভাবে প্রশংসিত হয়।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দমন-পীড়নের মুখে মেজর জিয়াউর রহমান ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা না করে স্বাধীনতার পক্ষে অবস্থান নেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন।
ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পর দেশের সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং রাজনৈতিক অংশগ্রহণের নতুন ক্ষেত্র উন্মুক্ত করেন।
তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্প, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্সভিত্তিক অর্থনীতির বিকাশে জিয়াউর রহমানের চিন্তাধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি কৃষি উন্নয়ন, খাল খনন কর্মসূচি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।
রাষ্ট্রনায়ক হিসেবে তার ব্যক্তিগত সততার কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থেকেও তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেছেন। মৃত্যুর পর তার রেখে যাওয়া সীমিত ব্যক্তিগত সম্পদ তার সততা ও রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়বদ্ধতার সাক্ষ্য বহন করে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃত রাজনীতি করতে হলে শহীদ জিয়ার আদর্শ, কর্ম ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। তার আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
