
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। ঈদের দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১৩ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার রাতে নগর ভবনের শীতলক্ষ্যা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য জানান।
তিনি বলেন, ডিএসসিসি এলাকায় প্রথম দিনে মোট ১ লাখ ১৮ হাজার ৭৮৯টি কোরবানির পশু জবাই করা হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। চলমান কার্যক্রমের গতি অব্যাহত থাকলে রাত ১২টার মধ্যে অপসারণকৃত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসক জানান, সিটি করপোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলোর প্রায় ৬৫ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডকে শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। বাকি ৪টি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট বর্জ্য দ্রুত সরিয়ে নিতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
বর্জ্য অপসারণ কার্যক্রমে সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে মো. আবদুস সালাম বলেন, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে ভবিষ্যতেও সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
