×

ধোলাইপাড়ে ১ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজধানীর ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা।

অভিযানে সন্দেহজনক তিনটি ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এ সময় পণ্যের প্রকৃত মালিককে না পাওয়ায় ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)