
রাজধানীর নর্দা এলাকায় পেছন থেকে একটি বাসকে ধাক্কা দিয়ে উল্টে গেছে আরেকটি বাস। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন।
বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে নর্দা এলাকায় আকাশ পরিবহণের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহণের একটি বাস। ধাক্কার পর ইসলাম পরিবহণের বাসটি সড়কের আইল্যান্ডের ওপর উল্টে যায়। এতে আকাশ পরিবহণের বাসটির পেছনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসের এক যাত্রী নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন।
খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
