
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও উৎসাহিত করতে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
বৈঠকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিককে বিদেশি বিনিয়োগ আনয়নে উৎসাহিত করতে এবং এফডিআই প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। প্রণোদনা প্রদানের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।
এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রস্তাবিত সংশোধনীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক বা অলাভজনক কোম্পানি ও সংগঠন গঠন, তাতে অংশীদারিত্ব গ্রহণ এবং শেয়ার অর্জনের সুযোগ দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানানো হয়। মন্ত্রিসভার সদস্যরা এ অর্জনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও কূটনৈতিক সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।
