×

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শুধু বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বাড়ালেই স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। পুরো স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠন করে সেবার মানে গুণগত পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব ও পেশাদারিত্বের জায়গা থেকে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা এবং পরিবেশগত বিষয়কে গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যখাতেও একই নীতি অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে প্রস্তুত। তবে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক সেরা চর্চা অনুসরণ করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)