
মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তা নাকচ করে ভিন্নধর্মী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরের প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা এ বিষয়ে নতুন ধারণা অর্জনের জন্য বিদেশ সফরের প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রস্তাবটি পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার পর কোনো ডোবার পাশে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর এ মন্তব্যকে মশক নিয়ন্ত্রণে স্থানীয় বাস্তবতা ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ হিসেবে দেখা হচ্ছে।
