
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো রোগীর পরীক্ষার খরচ ১০ হাজার টাকা হলে সেখানে ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে।
তবে হেমোরেজিক ডেঙ্গুসহ জটিল অবস্থার রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
