
রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার দুপুরে নগরীর রোকেয়া চত্বর এলাকায় অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি কার্যালয়ের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দুর্বল চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনের সময় কার্যালয়ের তৃতীয় তলায় কম্পিউটার শাখার চেয়ার-টেবিল ও কম্পিউটারে জমে থাকা ধুলা এবং চতুর্থ তলায় সামাজিক অর্থনৈতিক কেন্দ্র পরিচালিত সেলাই প্রশিক্ষণ কক্ষের অস্বচ্ছ পরিবেশ মন্ত্রীর নজরে আসে। এ সময় তিনি নিজেই ধুলা স্পর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিরস্কার করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, “অফিসের চেয়ার-টেবিল দেখে মনে হচ্ছে গত ১৫ দিনেও কেউ এগুলো ব্যবহার করেনি। কক্ষগুলোর অবস্থাও সেটিই প্রমাণ করছে।”
এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, যেসব কক্ষে ধুলা পাওয়া গেছে, তার একটি শহর সমাজসেবা কার্যালয়ের এবং অন্যটি সামাজিক অর্থনৈতিক কেন্দ্রের অধীন। এরপরও মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
