×

বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতার মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ হোসেন (৪০) নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু মণ্ডলের ছেলে। তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজলিমুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পলাশ হোসেন মোটরসাইকেলে করে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। পথে মর্তুজাপুর কলেজ গেট এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ওসি তাজলিমুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)