×

গাবতলীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ: প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন

বগুড়া জেলার গাবতলী উপজেলার ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি পরিপত্র গত ২৯ এপ্রিল সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

পরিপত্রে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কলেজটি সরকারিকরণের বিষয়ে সম্মতি প্রদান করেছেন। এর মাধ্যমে বগুড়া সফরকালে দেওয়া তার ঘোষণার বাস্তবায়ন হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—নিয়োগ এবং স্থায়ী-অস্থায়ী সম্পদের হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ, প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন প্রেরণ, আর্থিক বিষয়াদি পর্যালোচনা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা আছে কিনা সে বিষয়ে আইনগত মতামত গ্রহণ। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে বগুড়া সফরকালে গাবতলীর বাগবাড়ী এলাকায় কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় জনসাধারণ কলেজটি সরকারিকরণের দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে তিনি তাৎক্ষণিকভাবে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।

কলেজটি সরকারিকরণ হলে সংশ্লিষ্ট এলাকায় উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা এলাকার শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)