×

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল ৬ জনের

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার বাসিন্দা মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ রয়েছেন।

শিবগঞ্জ উপজেলায় নিহত তিনজন হলেন চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রউফের স্ত্রী মাহামুদা আক্তার (১৯), রানীবাড়ি বাজারপাড়া এলাকার কাশের আলীর মেয়ে সাদিয়া খাতুন (১৬) এবং মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল (১৪)।

এছাড়া নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং গোসাইপুর গ্রামের হাসান আলী নামের এক তরুণ বজ্রপাতে প্রাণ হারান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে আব্দুল্লাহ বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, উপজেলার তিনজনই বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

অন্যদিকে নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, লাহাপাড়া এলাকায় মাঠে ঘাস কাটার পর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে সুমিয়ারা বেগম বজ্রাঘাতে নিহত হন। একই সময়ে গোসাইপুর গ্রামের একটি আমবাগানে বজ্রপাতে প্রাণ হারান হাসান আলী।

শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিনজনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া সদর ও নাচোল উপজেলায় নিহতদের পরিবারকেও সরকারি নিয়ম অনুযায়ী ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)