
টানা ভারী বর্ষণে সৃষ্ট ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ সময় জেলার ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে অব্যাহত ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানায়, আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এ সময় পর্যটক, ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
