×

শরতের শুরুতেই পঞ্চগড়ে ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা

শরতের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে। মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত জেলার গ্রাম থেকে শহরের বিভিন্ন সড়ক কুয়াশায় আচ্ছন্ন ছিল। এ সময় অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা গেছে।

ঘন কুয়াশায় কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। এতে শীতের আগমনী বার্তার কথাই মনে করিয়ে দিচ্ছিল। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের পাশাপাশি আকাশে মেঘের অবস্থানের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম বাসসকে বলেন, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, বাড়ির চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এর আগে এমন ঘন কুয়াশা দেখেননি বলেও জানান তিনি।

জেলা শহরের ইজিবাইক চালক আজিজুল ইসলাম বলেন, সকালে গাড়ি নিয়ে বের হওয়ার পর কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এ কারণে তাকে ধীরে গাড়ি চালাতে হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাসসকে বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)