×

চুয়াডাঙ্গায় এপ্রিলে ৭৫টি মাদক মামলায় ৫ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং আসন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব ঘিরে নিরাপত্তা জোরদারের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, গত এপ্রিল মাসে পুলিশ জেলার বিভিন্ন স্থানে ৫৭৯টি অভিযান পরিচালনা করে ২৮ লাখ ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া ৭৫টি মাদক মামলায় ৪ কোটি ৯৯ লাখ ১ হাজার ৪১৭ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে গ্রাম আদালত ৮৯টি মামলায় ১ লাখ ৬২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে।

সভায় সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কার্যক্রম জোরদার এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়।

অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)