×

নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের অনুপ্রেরণায় মানুষকে উজ্জীবিত করে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আত্মত্যাগের অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

তিনি বলেন, শৈশব ও কৈশোরে যারা নজরুলের কবিতা পড়ে বড় হয়েছেন, তাদের মনোজগৎ গঠনে তাঁর গভীর প্রভাব রয়েছে।

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমি নিশ্চিত, কৈশোরে যারা নজরুলের কবিতা পড়ে, তাদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আত্মোৎসর্গের অনুপ্রেরণা তৈরি হয়।”

তিনি আরও বলেন, স্বল্প সময়ের কর্মজীবনে নজরুল যে অসাধারণ সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন, তা বিশ্বসাহিত্যে বিরল। মাত্র ২১–২২ বছরের কর্মজীবনে কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও সংগীতে তাঁর বিপুল সৃষ্টির ভাণ্ডার আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নজরুলের সাহিত্য ও চেতনা শুধু ব্যক্তিমানুষ নয়, জাতির সামষ্টিক চেতনাকেও গভীরভাবে প্রভাবিত করেছে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও আত্মত্যাগের যে মানসিকতা দেখা যায়, তার পেছনে নজরুলের প্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের দায়িত্ব হলো নজরুলের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তা জাতীয় চেতনায় রূপান্তর করা। সব মানুষ নজরুল গবেষক না হলেও যত বেশি মানুষের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়া যাবে, সেটিই হবে বড় অর্জন।

নজরুলের বহুমাত্রিক সৃষ্টিশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি একদিকে গজল রচনা করেছেন, অন্যদিকে কীর্তন ও শ্যামাসংগীতও লিখেছেন। কোথাও প্রেম ও আধ্যাত্মিকতা, আবার কোথাও সংগ্রাম ও বিদ্রোহ—সব ক্ষেত্রেই তাঁর অনন্য উপস্থিতি ছিল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। মুখ্য আলোচক ছিলেন কবি ও লেখক হাসান হাফিজ এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক ও প্রকৌশলী ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)