
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
আজ সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অফিসকক্ষে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান। পরে আলোচনায় মন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি যুক্তরাজ্যের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’-এর অভিজ্ঞতা বাংলাদেশের গণমাধ্যম নীতি প্রণয়নে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। জবাবে হাইকমিশনার এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং অফকম-এর কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
এদিকে একই দিনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি পৃথকভাবে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে মন্ত্রী আবারও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষিত রাখতে চায়। এ ক্ষেত্রে সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একদিকে নতুন সম্ভাবনা তৈরি করেছে, অন্যদিকে তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে বৈশ্বিক চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান এবং সুইস রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান।
