×

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত এক যুবককে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নগরের বাকলিয়া থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে একটি মাদ্রাসার ভেতরে আটকে রাখে। পরে তাকে উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত যুবকের নাম মনি। তিনি স্থানীয় একটি ডেকোরেশন দোকানে কাজ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাকে হেফাজতে নিতে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে শিশুটির চিকিৎসার বিষয়েও নজর রাখা হচ্ছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)