
রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
শুক্রবার সকালে শহরের পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ির ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মো. নুরুন্নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ত্রাণ বিতরণকালে মো. হাবীব আজম বলেন, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা পরিষদ শুরু থেকেই রয়েছে এবং তাদের সার্বিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জানান, বিভিন্ন উপজেলায় ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে প্রায় এক হাজার ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
খাদ্য সহায়তা পেয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
