×

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট (রোববার) একদিনের এ সফরে তিনি কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে সফরকে ঘিরে প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

পরে দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় পৌঁছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।

 

এরপর তিনি ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতির পর প্রধানমন্ত্রী হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান প্রদান করবেন। এছাড়া ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেবেন।

দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির নেতারা অংশ নেবেন। সেখানে প্রধানমন্ত্রী তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং সাংগঠনিক দিকনির্দেশনা দেবেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও ভেঙে যাওয়া ঘরবাড়ি দ্রুত নির্মাণের নির্দেশও তিনি দিয়েছেন।

সাংগঠনিক সভা প্রসঙ্গে তিনি বলেন, দলের তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করেন বলেই প্রধানমন্ত্রী এবার সরাসরি তাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন। এটি তাঁর রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা সভায় অংশ নেবেন। পাশাপাশি দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করা পদবিহীন জ্যেষ্ঠ নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, বাঁশখালীতে কোনো জনসভা না থাকলেও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তাই তাঁকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)