×

গণমাধ্যমের জবাবদিহি ও স্বাধীনতা নিশ্চিত করতে শিগগিরই কমিশন গঠন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সব অংশীজনকে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ এগিয়ে চলছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই জাতিকে প্রায়-বিচারিক ক্ষমতাসম্পন্ন একটি স্বাধীন গণমাধ্যম কমিশন উপহার দেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নতুন জাতীয় দৈনিক ‘আগামী সময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন, সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। অতীত ও বর্তমান অভিজ্ঞতা থেকে সরকার উপলব্ধি করেছে যে, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণমূলক বা খবরদারিমূলক দৃষ্টিভঙ্গি থেকে সরে আসা প্রয়োজন। তিনি বলেন, গণমাধ্যম জগতে সরকার কোনো নিয়ন্ত্রক নয়, বরং একটি অংশীদার ও সেবাদানকারী পক্ষ।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম কমিশন গঠিত হলে সরকার যেমন গণমাধ্যম নিয়ন্ত্রণের সুযোগ পাবে না, তেমনি মালিকপক্ষও সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত করতে পারবে না। একইসঙ্গে সাংবাদিকতার নামে কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতাও গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট সব পক্ষকে কমিশনের আওতায় থেকে জবাবদিহির মধ্যে কাজ করতে হবে।

আধুনিক প্রযুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর চ্যালেঞ্জ মোকাবিলা করেই টিকে থাকতে হবে। ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মের তীব্র প্রতিযোগিতার এই সময়ে ‘আগামী সময়’ অতীত ও বর্তমান সম্পর্কে সচেতন থেকে গণমাধ্যম অঙ্গনে শক্তিশালী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক ‘আগামী সময়’-এর সম্পাদক মোস্তফা মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বক্তব্য রাখেন।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবির এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)