×

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আজ সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইতালিতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন এবং তারা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সমুদ্রপথে ইতালিতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়টিও তুলে ধরেন।

জবাবে তথ্যমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইতালি বাংলাদেশি অভিবাসীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য। এ সময় তিনি বৈধ উপায়ে আরও বেশি বাংলাদেশি কর্মী গ্রহণের জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান।

জহির উদ্দিন স্বপন গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার খাতে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ইতালির প্রযুক্তিগত অগ্রগতি ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি এ খাতে ‘নলেজ শেয়ারিং’-এর ওপর গুরুত্ব দেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে পণ্যের বহুমুখীকরণ প্রয়োজন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে অভিবাসন বাড়ানোর আহ্বান জানান।

ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ অভিবাসন কার্যক্রম চলমান রয়েছে এবং গত এক বছরে প্রায় ২০ হাজার বাংলাদেশি ইতালিতে অভিবাসন করেছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)