×

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার প্রাচীন কষ্টিপাথরের মূর্তি

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, নিজস্ব প্রতিবেদক-

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুষ্প্রাপ্য একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া প্রত্নবস্তুটি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (১৮ মে) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন কিশোরীগঞ্জ বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মানিকপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ভাঙা কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষার পর কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কাহারোলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটিকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে শনাক্ত করেছে। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।
উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অপরিসীম বলে উল্লেখ করা হয়েছে। মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)