×

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন।

সকাল ১১টা ১৯ মিনিটে বাটন চাপের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রকাশিত তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

মেলার মূল উদ্দেশ্য হলো নাগরিকদের আধুনিক ভূমিসেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি বিভিন্ন সেবা প্রদান করা।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও পরিদর্শন করেন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)