×

মজিবুর রহমান মুজিবকে গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

পরিবহন শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেফতার ও শারীরিক নির্যাতনের অভিযোগের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড ও থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এর ফলে দূরপাল্লার কোচসহ বিভিন্ন রুটে পর্যায়ক্রমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড, কলেজ মোড়, বালুয়াডাঙ্গা, বটতলী মোড়, সিএনবি মোড়সহ জেলার গুরুত্বপূর্ণ প্রায় ছয়টি প্রবেশমুখে যানবাহন রেখে সড়ক অবরোধ করা হয়েছে। এতে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেক যানবাহন রাস্তার দুই পাশে আটকা পড়ে আছে।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মুজিবুর রহমান মুজিবকে গ্রেফতারের প্রতিবাদেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের দাবি, মুজিবুর রহমান মুজিবকে গ্রেফতারের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবীকে অপসারণ করতে হবে।

দিনাজপুর বাস, শ্রমিক ও মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, গত রোববার দিনগত রাতে কোতোয়ালি থানার অভ্যন্তরে সিআইডির এক পুলিশ ইন্সপেক্টরকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে মুজিবুর রহমান মুজিবকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে গ্রেফতারের পর মুজিবুর রহমান মুজিবকেও মারধর করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

আব্দুল কাইয়ুম বলেন, ঘটনার প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। একই সঙ্গে কোতোয়ালি থানার ওসি নুরুন্নবীর অপসারণও দাবি করছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে শ্রমিক নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শ্রমিক নেতাদের সঙ্গে বিকেল সাড়ে ৩টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। তাদের যৌক্তিক বিষয়গুলো বিবেচনা করা হবে। আলোচনার মাধ্যমে দ্রুত একটি সুন্দর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)