×

বিরামপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

মোঃ শাহ্ আলম মন্ডল-
‎”স্ক্যাম বা প্রতারণার ফাঁদে বন্দি” প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৩০ জুলাই) ল্যাম্ব হেলথ ইউকে -এর আর্থিক সহযোগিতায় ল্যাম্ব -এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের উদ্যোগে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ন এবং হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে পৃথকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

‎এ বছরের প্রতিপাদ্য অনলাইন প্রতারণা, প্রযুক্তির অপব্যবহার এবং সাইবারভিত্তিক মানব পাচারের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দিবসটি উপলক্ষে ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক স্লোগান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আলাদাভাবে আয়োজিত অনুষ্ঠান দুটিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার এবং হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন অতিথি হিসেবে উপস্থিত থেকে মানব পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
‎এছাড়াও অনুষ্ঠানে কিশোর-কিশোরী, ছাত্র-ছাত্রী, শিক্ষক, ধর্মীয় নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে মানব পাচারের কৌশলও পরিবর্তিত হয়েছে। অপরাধী চক্র এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া চাকরির বিজ্ঞাপন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) -এর অপব্যবহারের মাধ্যমে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। অনেক ক্ষেত্রে পাচারের শিকার ব্যক্তিদের বিদেশে নিয়ে গিয়ে জোরপূর্বক অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে বাধ্য করা হচ্ছে। ফলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক চাকরির প্রস্তাব বা প্রলোভন সম্পর্কে জনগণকে সতর্ক করা এখন অত্যন্ত জরুরি। সেজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে মানব পাচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন এবং নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তুলতে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)