
মোঃ শাহ্ আলম মন্ডল-
দিনাজপুরের বিরামপুরে ল্যাম্ব হেলথ্–ইউকে এর আর্থিক সহযোগিতায় এবং ল্যাম্ব-কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের উদ্যোগে বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় পৌর শহরের বেলডাঙ্গায় “পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও শান্তিপূর্ণ সহাবস্থান” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার, ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এ সংলাপের আয়োজন করা হয়। এতে ইসলাম, হিন্দু ও খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ, সমাজনেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সংলাপে বক্তারা বলেন, সকল ধর্মই মানবতা, শান্তি, ন্যায়, সহনশীলতা ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়। ধর্মীয় বৈচিত্র্য সমাজের শক্তি; তাই ভিন্ন মত ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব। আমাদের বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু নৈতিক মূল্যবোধের অনেক ক্ষেত্রেই আমরা এক অপরের কাছাকাছি। তারা ঘৃণা, গুজব, সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষ পরিহার করে পারস্পরিক আস্থা, সংলাপ ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় শিক্ষা, সামাজিক সচেতনতা, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ এবং তরুণদের সক্রিয় সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশের শান্তি, উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও এধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
