×

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭৩ জনের পরিবারের মধ্যে মোট ৩ কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উদ্যোগে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে যানবাহন চলাচলের ক্ষেত্রে চালক, মালিক ও যাত্রীদের সচেতন হতে হবে। সড়কে সঠিকভাবে চলাচলের মাধ্যমে সবাইকে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে হবে।

আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের প্রত্যেক পরিবারের মধ্যে ৫ লাখ টাকা করে এবং আহত আটজনের মধ্যে মোট ১৪ লাখ টাকার চেক বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মো. মনজুরুল ইসলাম, এজেডএম রেজওয়ানুল হক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)