
মোঃ শাহ্ আলম মন্ডল-
আমাদের সবার দায়িত্ব হবে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। গণতন্ত্রের প্রতি জনগণের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা যেন অক্ষুণ্ন থাকে। কোনো অপশক্তি বা স্বার্থান্বেষী মহল যেন গণতন্ত্রকে বেহাত করার সুযোগ না পায়, সে জন্য দেশের প্রতিটি নাগরিককে সজাগ ও সচেতন থাকতে হবে।
এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন -এমপি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি বিশেষ বরাদ্দ হতে মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতন্ত্র কেবল একটি শাসনব্যবস্থার নাম নয়, এটি জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতীক। এই অর্জনকে রক্ষা করা আমাদের সবার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রযাত্রা ধরে রাখতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্ন সময়ে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। বিভেদ নয়, ঐক্যই দেশের শক্তি।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
এ সময় তিনি দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
এতে সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, প্রকৌশলী মোঃ আতাউর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা মোঃ শিরন আলমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
