×

জুলাই-পরবর্তী বাংলাদেশ গঠনে সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

জুলাই-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের নতুন আশা জাগাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি আচরণগত সংস্কৃতির পরিবর্তনেও প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন।

বুধবার ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নিজে ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং সিটি করপোরেশনগুলোকে পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। তরুণদের মধ্যেও তিনি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি করছেন।

তিনি বলেন, মানুষের মন-মানসিকতা ও আচরণে পরিবর্তন না এলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গত পাঁচ মাসে দৃশ্যমান পরিবর্তন খুব একটা দেখা যায়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, যারা একসময় ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন, তাদের অনেকেই এখন অবস্থান বদলে নতুন পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। এই সংস্কৃতি পরিবর্তনের জন্যই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে শুরু করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রামে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। ক্ষুদিরাম বসু, প্রীতিলতাসহ অনেকের আত্মত্যাগের পরও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি। ১৯৭১ সালের পর ২০২৪ সালেও অসংখ্য প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে।

মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে ভোগবাদী মানসিকতার পরিবর্তন জরুরি। তিনি স্মরণ করেন, দীর্ঘদিন ধরে তিনি প্রশ্ন তুলেছেন—দেশ বদলাবে যে তরুণরা, তারা কোথায়? ২০২৪ সালে সেই তরুণরাই আন্দোলনে নেমে আত্মত্যাগের মাধ্যমে পরিবর্তনের পথ তৈরি করেছে। তাদের আত্মত্যাগের মূল্য দিতে হলে জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর সেনাসদস্যরা তার কাছে গেলে তিনি কমান্ডারের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানান। পরে তাকে বন্দিত্বও বরণ করতে হয়।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। শেখ হাসিনা দেশত্যাগের পর ভিডিও বার্তায় তিনি প্রতিশোধ ও প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)