×

ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াই এখন সময়ের দাবি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় প্রযুক্তি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি এর অপব্যবহার নতুন নতুন সংকটও তৈরি করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা বর্তমানে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে অবহিত করেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের গৃহীত কর্মসূচিগুলোর গুরুত্ব তুলে ধরেন।

জহির উদ্দিন স্বপন জানান, দেশের গণমাধ্যম খাতকে আরও শক্তিশালী, স্বাধীন ও আধুনিক করতে সরকার একটি কার্যকর ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে। এ কমিশন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক উন্নয়নে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞান কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে তিনি দেশটির সহযোগিতা কামনা করেন।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার কার্যকর কৌশল নিয়েও আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বর্তমান সরকারের সামাজিক কল্যাণমূলক কর্মসূচিগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)