×

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পথ অনুসরণের বিকল্প নেই : আইনমন্ত্রী

বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তা অনুসরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের বহু গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে জিয়াউর রহমান ও তাঁর পরিবারের অবদান গভীরভাবে সম্পৃক্ত। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার সংকটময় মুহূর্তে তিনি যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, জাতি তা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি জিয়াউর রহমানকে ‘বাংলার রাখাল রাজা’ হিসেবে অভিহিত করে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ছিল অনন্য ও অবিস্মরণীয়।

আইনমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র উন্মুক্ত করতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বহুদলীয় গণতন্ত্র চালু, রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করেন।

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, বিচার ব্যবস্থায় ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ প্রতিষ্ঠার ক্ষেত্রেও জিয়াউর রহমানের অবদান উল্লেখযোগ্য। পঞ্চম সংশোধনীর মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কাঠামোয় কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, যা বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের একটি বড় অংশ বিএনপি পরিবারের সদস্য। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, জুলাই বিপ্লব কিংবা অতীতের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ইতিহাস অস্বীকার করা হলে ভবিষ্যৎ প্রজন্ম একসময় সেইসব অর্জনের মূল্যও অস্বীকার করতে পারে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও এগিয়ে নিতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, নেতৃত্ব ও রাষ্ট্রচিন্তা নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)