
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার অ্যাম্পলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) গভীর রাতে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন, হিলির ধরন্দা ফকিরপাড়া এলাকার আযাদ খানের ছেলে সুরুজ খান (৪৫) এবং বালুর চর এলাকার মৃত হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ২ হাজার অ্যাম্পল জব্দ করা হয়।
ওসি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
