
ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত ‘নজরুল মেলা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় ত্রিশালের নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
তিনি বলেন, জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় প্রধানমন্ত্রী ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন। প্রদর্শনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালে তার জন্মবার্ষিকী উপলক্ষে এ তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাহিদুল ইসলাম রনি আরও জানান, নজরুল মেলা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
