
হিলি(দিনাজপুর) প্রতিনিধিঃ
ভারত থেকে অবৈধভাবে দেশে গরু প্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করার পাশাপাশি টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
তিনি বলেন, হিলিসহ অন্যান্য সীমান্ত পথ দিয়ে ভারত থেকে গরু পাচারের কোনো সুযোগ নেই। সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ভারতে চলমান অস্থির পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি প্রস্তুত রয়েছে।
