
দেশব্যাপী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে অতিরিক্ত ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, বাজেট অনুমোদন হলে দেশের হাসপাতালগুলোতে ধাপে ধাপে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে, যাতে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা যায়।
বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি; বরং নানা অনিয়ম ও লুটপাট হয়েছে। অতীতের সরকারগুলো স্বাস্থ্য খাতকে যথাযথ গুরুত্ব দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজেট বৃদ্ধি হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে আধুনিক মেশিন ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ শুরু হবে।
মন্ত্রী জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচটি বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে। এর মাধ্যমে শিশু স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতালের নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ঈদের পর প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ সদস্যের নিরাপত্তা টিম মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি হাসপাতাল ইউনিটে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, হাসপাতালের শৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়মিত তদারকির আওতায় আনা হবে।
হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে তিনি আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।
স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে ঈদের পর এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা আধুনিকায়ন ও উন্নয়নে সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে এবং বাজেট পাস হওয়ার পর এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।
