
দেশের বেসরকারি মাদ্রাসাগুলোর পরিচালনা ব্যবস্থায় দক্ষ ও শিক্ষিত নেতৃত্ব নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক বা সমমানের ডিগ্রি ছাড়া কেউ দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১৭ মে জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা কাঠামো শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন বা পুনর্গঠনের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, সভাপতি পদে মনোনয়ন বা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে। এছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা বা দুর্নীতির অভিযোগ থাকলে তিনি এ পদে অযোগ্য বলে বিবেচিত হবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদ্রাসায় অযোগ্য বা অশিক্ষিত ব্যক্তিরা পরিচালনা কমিটির শীর্ষ পদে থাকায় প্রশাসনিক দুর্বলতা তৈরি হচ্ছিল। অনেক ক্ষেত্রে শিক্ষক নিয়োগ, আর্থিক ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়েও অভিযোগ উঠেছিল। এসব অনিয়ম দূর করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই সিদ্ধান্ত মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা মনে করছেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এ ধরনের নীতিগত সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
