
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা সংসদকে জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘থানচির তিন্দু এলাকার বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আজ মহান জাতীয় সংসদে তিনি এ বিষয়ে স্লিপ পাঠিয়েছেন। আমি জানাতে চাই, বিদ্যালয়টি শিগগিরই জাতীয়করণ করা হবে।’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সংগ্রামের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
তিনি বলেন, প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন সহকর্মীদের বেতন পরিশোধে অর্থ জোগাতে নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালান। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি ৪০ হাজার টাকা আয় করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন পরিশোধে ব্যয় করেন।
আতিকুর রহমান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় একটি বিদ্যালয় টিকিয়ে রাখাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে এই প্রধান শিক্ষক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় তারা নিয়মিত বেতন দিতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ এবং বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে।
এই সংকট মোকাবিলায় ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। সেই আয় থেকে নিজের প্রয়োজন মেটানোর পরিবর্তে তিনি শিক্ষকদের বেতন পরিশোধে অর্থ ব্যয় করেন। তাঁর এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
