
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হয়ে আত্মসমর্পণ করা উচিত। এটাই সরকারও চায় বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২০ মে) সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা বুক ফুলিয়ে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হবেন—এটাই প্রত্যাশা। আদালত যদি তাকে খালাস দেয়, তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনাপ্রবাহে তার ভূমিকা দেশবাসী দেখেছে। এখন তিনি দেশে ফিরে আইনের প্রক্রিয়ায় অংশ নেবেন—এটাই জনগণের প্রত্যাশা।
বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যেই চলমান প্রকল্পের কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।
এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
