
চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। সারাদেশে আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, বোর্ডের অধীনে ৮ জেলার ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষার্থীদের মধ্যে ৫৪ হাজার ৪৩৬ জন ছেলে এবং ৫৯ হাজার ৪৩ জন মেয়ে। এ বছর মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে ৪ হাজার ৬০৭ জন বেশি।
বিভাগভিত্তিকভাবে বিজ্ঞান বিভাগ থেকে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এবারের পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত ২৯ হাজার ৬৩৯ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বলেন, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা কার্যকর থাকবে এবং ভিজিলেন্স টিম নিয়মিত মনিটরিং করবে।
