
অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করে জট কাটিয়েছেন। আগে বোর্ডকে ‘অবৈধ’ দাবি করে খেলতে অস্বীকৃতি জানানো ক্লাবগুলো এখন অংশ নিতে সম্মত হয়েছে। ফলে ১২ দল নিয়েই আয়োজন হচ্ছে লিগ।
সূচি অনুযায়ী, ২১ এপ্রিল থেকে শুরু হবে বিসিএল। প্রথম দুই রাউন্ড শেষে বিরতি দিয়ে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে প্রিমিয়ার লিগ। দলবদলের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২১ ও ২২ এপ্রিল।
ক্লাবগুলোর জন্য অনুদান ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করেছে বিসিবি। তবে আগের আসরের মতো এবারও বিদেশি ক্রিকেটার থাকছে না, যাতে স্থানীয় খেলোয়াড়রা বেশি সুযোগ পায়।
সময়ের স্বল্পতার কারণে এবারের লিগে সুপার লিগ রাখা হচ্ছে না। সিঙ্গেল লিগ পদ্ধতিতে পয়েন্ট তালিকার শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।
এবার থেকে ম্যাচের দিনে ক্লাবগুলোর খাবারের ব্যবস্থা করবে বিসিবি। পাশাপাশি মেডিকেল সাপোর্ট ও আইসিইউ অ্যাম্বুলেন্স রাখার দাবিও জানিয়েছে ক্লাবগুলো।
এদিকে প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ নতুন করে আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে আগামী শনিবার বৈঠক ডাকেছে বিসিবি।
