
ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গতরাতে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৩৪ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। আগামীকাল সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে সোবহানা মোস্তারি করতে পারেননি ৩ রানের বেশি।
৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌসের সঙ্গে ২৯ এবং চতুর্থ উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ১৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
জুয়াইরিয়া ১৬ ও জ্যোতি ২৩ রানে আউট হওয়ার পর আবারও বিপদে পড়ে বাংলাদেশ। দুই মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন গোল্ডেন ডাক মারলে ৫৫ রানে ষষ্ঠ উইকেট হারায় টাইগ্রেসরা।
সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের জুটিতে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন শারমিন ও নাহিদা আক্তার। দলীয় ৯৭ রানে সাজঘরে ফেরেন শারমিন। দলের পক্ষে ৩টি চারে ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। নাহিদা ১৬ ও রাবেয়া খান ৩ রানে অপরাজিত থাকেন। আরব আমিরাতের হয়ে সুরক্ষা কোটি ১১ রানে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে ৩৮ রানেই ৫ উইকেট হারায় আরব আমিরাত। শুরুর ধাক্কা সামলে উঠতে না পেরে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছাতে সক্ষম হন। সর্বোচ্চ ১৮ রান করেন হিনা হোটচান্দানি।
বাংলাদেশের হয়ে ১৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার লেগ স্পিনার রাবেয়া খান। এছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার ২টি করে এবং সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নেন।
ম্যাচসেরা হয়েছেন নাহিদা আক্তার।
