
ইংল্যান্ডের বোলারদের তোপে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ১৩৩ রানে অলআউট হয়েছে সফরকারী পাকিস্তান। জবাবে দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছে ইংল্যান্ড। ফলে ৬ উইকেট হাতে রেখে ২৩ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
বার্মিংহামে টস হেরে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন ও জোফরা আর্চারের বোলিং তোপে ২৬ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুব শূন্য, আজান আওয়াইস ৯, আব্দুল্লাহ শফিক ৩ এবং শান মাসুদ ৫ রানে আউট হন।
এরপর ইংল্যান্ডের আরেক পেসার জশ টাংয়ের তোপে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান। ১০১ রানে অষ্টম উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত সৌদ শাকিলের ৪৩ রানের ইনিংসে ১৩৩ রান পর্যন্ত যেতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ আব্বাস।
ইংল্যান্ডের হয়ে টাং ৪টি এবং রবিনসন ও আর্চার ৩টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ডও। বেন ডাকেট ১১, জর্ডান কক্স ৪ এবং অধিনায়ক জো রুট ৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন ইমিলো গে ও হ্যারি ব্রুক। ৯টি চারে ৬০ রান করে আউট হন গে।
দিন শেষে ৫২ রানে অপরাজিত রয়েছেন ব্রুক। তার সঙ্গে ৫ রানে অপরাজিত আছেন ড্যান লরেন্স।
পাকিস্তানের অভিষিক্ত পেসার রাজাউল্লাহ ২টি উইকেট নিয়েছেন।
